আগরতলাকে আরও সবুজ ও পরিচ্ছন্ন করার অঙ্গীকার, আসছে নতুন বর্জ্য সংগ্রহকারী যান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার আগরতলার ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে পরিবেশপ্রেমী সংস্থা ‘গো গ্রিন প্লাস’-এর উদ্যোগে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ আগরতলা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, প্রদীপ চন্দ, সুখময় সাহা ও অভিজিৎ মল্লিক। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন ‘গো গ্রিন প্লাস’-এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সিইও) সৌমিক দাস এবং অধিকর্তা ড. বিলাস চন্দ্র রায়।
অনুষ্ঠানে বক্তারা আগরতলা শহরকে আরও পরিষ্কার, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে গুরুত্ব পায় শহরের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়টি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যারা প্রতিদিন শহরবাসীর বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাঁদের কাজকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী এক মাসের মধ্যে একটি আধুনিক বর্জ্য সংগ্রহকারী গাড়ি এবং বিশেষ মনিটরিং অ্যাপ চালু করা হবে। এর ফলে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর হয়ে উঠবে।
এছাড়াও অনুষ্ঠানে ‘ওয়েস্ট টু এনার্জি’ (Waste to Energy) প্রকল্প চালুর ঘোষণাও করা হয়। এই প্রকল্পের মাধ্যমে শহরের বর্জ্যকে সম্পদে রূপান্তর করে শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে, যা একদিকে যেমন পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে, অন্যদিকে টেকসই উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্ব পরিবেশ দিবসের এই কর্মসূচির মাধ্যমে আগরতলাকে একটি পরিচ্ছন্ন, সবুজ এবং পরিবেশ-সচেতন শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সংস্থা ও পুর নিগম যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*