আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || দুরারোগ্য জেনেটিক রোগে আক্রান্ত ছোট্ট মনশ্রীর জীবন বাঁচাতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে তার পরিবার। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মনশ্রীর বাবা ধ্রুব চৌধুরী রাজ্যবাসী ও দেশবাসীর কাছে আবেগঘন আবেদন জানিয়ে বলেন, মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশেষ ইনজেকশনের মূল্য প্রায় ১৬ কোটি ৩৭ লক্ষ টাকা।
তিনি জানান, দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শেফালী গুলাটির পরামর্শ অনুযায়ী মনশ্রীর চিকিৎসায় এই ইনজেকশন অত্যন্ত জরুরি। তবে সামাজিক মাধ্যমে ইনজেকশনের দাম ৯ কোটি টাকা বলে যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। প্রকৃত মূল্য এর চেয়ে অনেক বেশি এবং সেই অর্থ সংগ্রহ করাই এখন পরিবারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ধ্রুব চৌধুরী বলেন, সাধারণ মানুষ, সমাজসেবী, বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ইতিমধ্যে ৪ কোটিরও বেশি টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। কিন্তু চিকিৎসা সম্পূর্ণ করতে এখনও বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী মনশ্রীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ইনজেকশন দিতে হবে। হাতে রয়েছে মাত্র এক মাস। তাই সময় নষ্ট না করে সকলের সহযোগিতা এখন অত্যন্ত জরুরি।
সাংবাদিক সম্মেলনে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আপনাদের সামান্য সহযোগিতাও আমার মেয়ের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। সবাই এগিয়ে এলে মনশ্রী নতুন জীবন পেতে পারে।”
বর্তমানে মনশ্রীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের আশা, মানুষের সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সময়মতো চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে এবং ছোট্ট মনশ্রী ফিরে পাবে নতুন জীবনের আলো।
