৫ মাসের বকেয়া বিলের জেরে সাব্রুমের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বন্ধ শিশুদের পুষ্টিকর আহার, সরকারি অনুদান থাকা সত্ত্বেও অর্থ না মেলায় বিপাকে কেন্দ্রের কর্মীরা, খাদ্যসামগ্রীর মান নিয়েও উঠল প্রশ্ন

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৬ আগস্ট || সরকারি অনুদান বরাদ্দ থাকা সত্ত্বেও গত পাঁচ মাস ধরে পুষ্টিকর আহারের বিল পরিশোধ না হওয়ায় দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর খাবার বিতরণ কার্যত বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বকেয়া বিল না পাওয়ায় গত ১ আগস্ট থেকে বেশ কয়েকটি কেন্দ্রে শিশুদের পুষ্টিকর আহার সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার আমাদের প্রতিনিধির নজরে আসে সাব্রুম মহকুমার হরিনা আনন্দপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই একটি চিত্র। সেখানে গিয়ে দেখা যায়, কেন্দ্রে শিশুদের জন্য নির্ধারিত পুষ্টিকর আহার পরিবেশন করা হচ্ছে না।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী শেফালী দেবনাথ জানান, গত প্রায় পাঁচ মাস ধরে পুষ্টিকর আহারের বিল বকেয়া রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও অর্থ ছাড় বা বকেয়া বিল পরিশোধ করা হয়নি। ফলে নিজেদের সামর্থ্যে খাদ্যসামগ্রী সংগ্রহ করে শিশুদের খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই গত ১ আগস্ট থেকে কেন্দ্রে পুষ্টিকর আহার বিতরণ বন্ধ রাখতে হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, খাদ্যসামগ্রী সরবরাহ ব্যবস্থাতেও একাধিক অসঙ্গতি রয়েছে। কেন্দ্রের প্রয়োজনের তুলনায় অনেক বেশি চাল সরবরাহ করা হয়। দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে হওয়ায় সেই চালে পোকা ধরে এবং ময়লা জমে নষ্ট হয়ে যায়। এতে একদিকে যেমন সরকারি খাদ্যসামগ্রীর অপচয় হচ্ছে, অন্যদিকে শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশন করাও কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে দ্রুত বকেয়া বিল পরিশোধের পাশাপাশি খাদ্যসামগ্রী সরবরাহ ব্যবস্থার ত্রুটি দূর করতে হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টিকর আহার বিতরণ দ্রুত পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*