স্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি আদালত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনকে ৭২ মিলিয়ন ডলার জরিমানা করেছে। জরায়ুর ক্যান্সারে আক্রান্ত এক নারীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এ ক্ষতিপূরণ দেবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির উৎপাদিত বেবি পাউডার ও শাওয়ার অ্যান্ড শাওয়ার পণ্য দু’টি দীর্ঘ কয়েক দশক ব্যবহার করেছিলেন মৃত ওই নারী এবং এর সঙ্গে তার ক্যান্সারের সংশ্লিষ্টতা থাকায় এই রায় দিয়েছেন আদালত। মৃত জ্যাকলিন ফক্সের পরিবারের পক্ষের আইনজীবি ও আদালতের নথিপত্র সূত্রে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সোমবার রাতে রায় ঘোষণার সময় সেন্ট ল্যুইসের আদালতটিতে বিচারকরা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রকৃত ক্ষতিপূরণ হিসেবে ১০ মিলিয়ন ডলার ও শাস্তিমূলক খেসারত হিসেবে ৬২ মিলিয়ন ডলার জনসন অ্যান্ড জনসনকে জরিমানা করেন। প্রসঙ্গত, জনসন অ্যান্ড জনসন নিজেদের পণ্যের বিক্রি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে ট্যাল্কভিত্তিক পণ্যগুলো যে ক্যান্সারের কারণ হতে পারে, সে বিষয়ে গ্রাহকদের সচেতন করায় আগ্রহী নয় বলে কয়েক দশক ধরে অসংখ্যবার অভিযোগ উঠেছে। কেবল মিসৌরির আদালতটিতেই এরকম প্রায় হাজার খানেক মামলা দায়ের করা হয়েছে, এছাড়া নিউ জার্সিতেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরকম আরো দুইশ’ মামলা রয়েছে। এ ধরনের মামলায় প্রতিষ্ঠানটিকে জরিমানা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পক্ষে কোনো মার্কিন আদালতের এটাই প্রথম রায়।
