আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ ত্রিপুরা ভাগের দাবীতে IPFT-র চক্রান্তে পেছন থেকে মদত দিচ্ছে বিজেপি – এই অভিযোগ এনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বুধবার রাজ্য ব্যাপী ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে। ‘তিপ্রাল্যান্ড’ ইস্যুতে IPFT-র এন সি বাহিনীর আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধে রাজ্য সরকার এখনও নিরব কেন এর জবাব চেয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায় সহ দলীয় কর্মী সমর্থকরা।এদিকে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (এ আর) থেকে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে রাজ্য সরকারের সমস্ত অফিস, আধা সরকারী ও সরকারী সংস্থাগুলো বুধবার খোলা থাকবে। এদিন রাজ্য সরকারের সমস্ত কর্মচারী, আধা সরকারী ও সরকারী সংস্থার কর্মীদের কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
