আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ IPFT-র এন সি বাহিনীর পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ এর দাবীতে গত ১০ই জুলাই থেকে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধে সামিল হয়েছে। মঙ্গলবার IPFT-র এন সি বাহিনী এই অবরোধের নয় দিন অতিক্রান্ত হয়েছে। মূখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার সাংবাদিক সন্মেলন করে বলেন, জাতীয় সড়ক ও রেলপথ ভারত সরকারের অধীন, তাই IPFT-র এই দাবী কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর সাথে ফোনে কথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানান।যদিও মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং কিরেণ রিজিজুকে আই পি এফ টি-র প্রতিনিধি যারা দিল্লীতে অবস্থান করছেন তাঁদের সাথে কথা বলার দায়িত্ব দিয়েছেন। কিরেণ রিজিজু মঙ্গলবার বিকেলে আই পি এফ টি-র প্রতিনিধিদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও এদিন কোনও বৈঠক হয়নি বলে জানা যায়।
এদিকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনও সারা না পেয়ে মঙ্গলবার IPFT-র একদল যুবক গণ আত্মহত্মার হুমকি দিয়েছেন। IPFT-র তরফে এদিন স্যোসাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল করেছেন। এতে দেখা গেছে IPFT-র একদল যুবক মাঠা মুন্ডন করে গায়ে ‘তিপ্রাল্যান্ড’ এর ম্যাপ একে চম্পকনগর সাধুচন্দ্র পাড়ায় বড়মুড়া ব্রিজের উপর গণ ফাঁসির মঞ্চ তৈরী করে দাড়িয়ে রয়েছেন।
জানা গেছে, সন্ধ্যায় রাজ্যপাল তথাগত রায় IPFT-র এক প্রতিনিধি দলকে রাজভবনে আলোচনার জন্য ডাকেন। এন সি দেববর্মা জানান, রাজ্যপালের তরফে বিবৃতি আসার পর দলীয় বৈঠক করা হবে। সেখানেই জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
