ঢাকা, ২৭ নভেম্বর ।। পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে ভারতে গোয়েন্দা সংস্থা এনআইএ’র সাথে বৈঠক করতে কলকাতা যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
৭ সদস্যের এই তদন্তকারী টিম সেখানে তিনদিন অবস্থান করে তদন্ত করবে বলে জানা গেছে।
প্রতিনিধি দলে রয়েছেন- ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, সিআইডির আতিকুল ইসলাম। এছাড়াও এনএসআই, ডিজিএফআই ও এসবির সদস্যরা এই প্রতিনিধি দলে আছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তাদের যাওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বাংলাদেশের টিমটি প্রথমেই পশ্চিমবঙ্গ পুলিশের সাথে বৈঠক করবে। এরপর তারা বর্ধমান পুলিশের সাথে বৈঠক করে ঘটনাস্থল পরিদর্শন করবে। এছাড়া বর্ধমান পুলিশের হাতে গ্রেপ্তার জেএমবি’র নেতা রহমতউল্লাহ ওরফে সাজিদের দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করবে।
এর আগে ঢাকার বৈঠকে এনআইএ’র দেওয়া তথ্য অনুসারে ভারতে গ্রেপ্তার বাংলাদেশি জঙ্গী সাজিদের স্ত্রী ফাতেমাসহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ফাতেমাসহ গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুসারে ভারতে পলাতক বাংলাদেশের বেশকিছু জঙ্গির তথ্য উদ্ধারও করে গোয়েন্দা পুলিশ।
