গোপল সিং, খোয়াই, ১৯ জুন || ত্রিপুরা পুলিশ বাহিনীর জওয়ান ও কর্মীদের ‘রেশন মানি’ বন্ধ হয়ে যাওয়া এবং তার জেরে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার যে খবর বিভিন্ন মহলে ছড়াচ্ছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। পুলিশ কর্মীদের রেশন মানি বা অন্যান্য ভাতা স্থায়ীভাবে বন্ধ হয়নি। আসল কারণ হলো, রাজ্য সরকারের অর্থ দপ্তরের একটি অত্যন্ত আধুনিক ও প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়নের কাজ চলার কারণেই এই সাময়িক বিলম্ব ঘটছে। প্রশাসনিক ও অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের অর্থ দপ্তর বর্তমানে একটি বিশেষ ‘সাপ্লিমেন্টারি সফটওয়্যার মডিউল’-এর উন্নয়ন ও তা চালুর কাজ করছে। এই নতুন ডিজিটাল মডিউলটির কারিগরি কাজ বর্তমানে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অর্থ দপ্তর সূত্রে খবর, এই নতুন সফটওয়্যার মডিউলটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানদের রেশন মানি এবং অন্যান্য সমস্ত ধরণের পারিশ্রমিক ও ভাতা প্রদানের প্রক্রিয়া আরও অনেক বেশি স্বচ্ছ, দ্রুত এবং ত্রুটিহীন হবে। এই স্থায়ী ব্যবস্থার আধুনিকীকরণের স্বার্থেই সাময়িকভাবে চলতি মাসের অর্থ ছাড়করণে কিছুটা বাড়তি সময় লাগছে। তথ্য অনুযায়ী, অর্থ দপ্তরের এই নতুন সফটওয়্যার মডিউলের কাজ সম্পন্ন হওয়া মাত্রই সংশ্লিষ্ট ট্রেজারি অফিসাররা এটি ব্যবহারের চূড়ান্ত অনুমতি বা ক্লিয়ারেন্স প্রদান করবেন। ট্রেজারি অফিসারদের কাছ থেকে এই সবুজ সংকেত মেলা মাত্রই সমস্ত জেলার এসপি অফিস এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বা টিএসআর ব্যাটালিয়ন গুলি যুদ্ধকালীন তৎপরতায় বিল তৈরির কাজ শুরু করে দেবে।
প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিয়োজিত পুলিশ কর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। প্রযুক্তিগত এই আধুনিকীকরণের কাজ শেষ হওয়া মাত্রই বকেয়া সমস্ত রেশন ভাতার টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তাই কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে, রাজ্য সরকারের এই ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
