বিদ্যালয়ে পানীয় জলের ফিল্টার বিতরণ করল রোটারি ক্লাব অব আগরতলা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রোটারি ক্লাব অব আগরতলার উদ্যোগে শুক্রবার বয়েজ বোধজং স্কুল এবং প্রণবানন্দ বিদ্যামন্দিরে পানীয় জলের ফিল্টার বিতরণ করা হয়।
বয়েজ বোধজং স্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মলয় ভৌমিক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এবং বোধজং স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। অপরদিকে, প্রণবানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী রত্না মজুমদার এবং বিদ্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।
রোটারি ক্লাব অব আগরতলার পক্ষ থেকে উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটারিয়ান কিশলয় ঘোষ, কোষাধ্যক্ষ রোটারিয়ান ইঞ্জি. তরুণ কুমার দাস এবং রোটারিয়ান সুবীর ভৌমিক।
অনুষ্ঠানে রোটারি ক্লাবের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তুলতে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন তাঁরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ রোটারি ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এমন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*