সিডনি ।। তাঁর একটি বাউন্সারে ক্রিকেট পিচেই লুটিয়ে পড়েছিলেন ফিল হিউজ। পরে হাসপাতালে মারা যান অসি ব্যাটসম্যান হিউজ। এই ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত অস্ট্রেলিয়ার বোলার সিন অ্যাবট। যদিও তাঁর পাশে দাঁড়াচ্ছেন সবাই। এমনকি হিউজের বোনও ভাইয়ের মৃত্যুর শোকের মধ্যেও স্বান্ত্বনা জানিয়েছেন ২২ বছরের অ্যাবটকে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কাউন্সিলরদের পাশাপাশি হিউজের বোন মেগানও এই ফাস্ট বোলারের পাশে দাঁড়িয়েছেন।
ঘটনার অভিঘাতে অ্যাবট ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গিয়েছেন বলে খবর। গত অক্টোবরেই দেশের হয়ে আন্তর্জাতিক একদিনের ম্যাচ ও টি-২০-তে অভিষেক ঘটেছিল অ্যাবটের। তাঁর হাত থেকে বেরোনও বাউন্সারে যে এরকম মারাত্মক কিছু ঘটে যাবে তা সম্ভবত কোনদিনই ভাবতেও পারেননি তিনি ।
গতকাল হাসপাতালে হিউজের মৃত্যু হয় খবর শুনে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ছুটে এসেছিলেন হিউজের পরিবারের সদস্য, বন্ধু ও অসি ক্রিকেটাররা। সেখানেই অ্যাবটের পাশে বসে বেশ কিছুক্ষণ সময় কাটান মেগান। অস্ট্রেলিয়া দলের ডাক্তার পিটার ব্রুকনার জানিয়েছেন, হিউজের বোন বেশ কিছুক্ষণ অ্যাবটের সঙ্গে ছিলেন এবং তাঁকে স্বান্ত্বনা দেন। সেদিন মাঠে যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেকের মতোই অ্যাবটও দুঃসহ মানসিক যন্ত্রনা ভোগ করছেন। পিটার আরও জানিয়েছেন, অসি অধিনায়ক মাইকেল ক্লার্কও অ্যাবটের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনিও অ্যাবটকে সাহস জুগিয়েছেন।
