নয়াদিল্লি, ২৮ নভেম্বর ।। এবার দশ টাকার নোট হবে প্লাস্টিকের। যদিও, এজন্য কাগজের দশ টাকার নোট সরানো হবে না। দু ধরনের দশ টাকার নোটই চালু থাকবে।
সরকারের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দশ টাকার একশ কোটি প্লাস্টিকের নোট দেশের পাঁচটি শহরে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কাগজের নোট অতি ব্যবহারে কম সময়ের মধ্যেই জীর্ণয়ে পড়ে। তাই আয়ু বাড়ানো এবং জাল নোট মোকাবিলা করাই প্ল্যাস্টিকের নোট চালু করার মূল কারণ।
যে পাঁচ শহরে প্লাস্টিকের দশ টাকার নোট প্রথমে চালু করা হবে সেগুলি হল কোচি, মহিশূর, জয়পুর,সিমলা এবং ভুবনেশ্বর। ভৌগলিক অবস্থান ও আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলি মাথায় রেখে ওই পাঁচটি শহরকে বেছে নেওয়া হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, পরীক্ষামূলকভাবেই এই প্লাস্টিকের নোট আনা হচ্ছে। বাজারে প্রতিক্রিয়া জানার পরই কাগজের নোটের বদলে প্লাস্টিকের নোট চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
