আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ ৷৷ প্রয়াত হলেন রাজ্যের সমবায় ও মৎস্য দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। শুক্রবার সকাল ৮টা ১০ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের রাজনৈতিক মহল। মৃত্যুর সময়ে রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক কন্যা এবং অসংখ্য আত্মীয় পরিজন ও গুণমুগ্ধদের। শারীরিক অসুস্থতার কারণে এইমসে চিকিৎসা চলছিল তাঁর। জন্ডিসের পাশাপাশি কিডনিতেও সমস্যা চলছিল তাঁর। যদিও শেষ রক্ষা হলো না। চড়িলামের বাম প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার পর এবার অকাল প্রয়াণ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী খগেন্দ্র জমাতিয়ার। মাত্র ৬৪ বছর বয়সে অসুস্থ অবস্থায় মৃত্যু বরন করলেন তিনি। ১৯৮৪তে সিপিএম দলে যোগ দেন। ছিলেন সিপিএমের ৬ বারের বিধায়ক। তিনি ছিলেন জিএমপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম রাজ্য কমিটির সদস্য।ভোট গণনার মাত্র একদিন আগেই তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন বিভিন্ন দলের শীর্ষ স্তরের নেতৃত্ব। ২৯-কৃষ্ণপুর কেন্দ্রের এই বাম প্রার্থীর অকাল প্রয়াণে শোকাহত সি পি আই (এম) রাজ্য নেতৃত্ব। শোক ব্যক্ত করেছেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। পাশাপাশি খগেন্দ্র জমাতিয়ার প্রয়াণে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, বিজেপি রাজ্য পর্যবেক্ষক সুনীল দেওধর সহ আরো অনেকে। খগেন্দ্র জমাতিয়ার অকাল প্রয়াণে তিনদিন দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।
