আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর ৷৷ এবার রাফেল বিমানক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সি পি আই (এম)। শনিবার বিলোনীয়া শহরে সি পি আই (এম)-র জন একতা মঞ্চের মিছিলে বিজেপি দলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন সি পি আই (এম)। তাদের অভিযোগ, হামলায় বাসুদেব মজুমদার, তাপস দত্ত সহ দলের আর বেশ কয়েকজন নেতা অল্পবিস্তর আহত হন। যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিলোনীয়া বিজেপি নেতৃত্ব।শনিবার রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রায় প্রতিটি শহরেই রাফেল দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ সভা সংগঠিত করে সি পি আই (এম)। পাশাপাশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের পদ্যত্যাগেরও দাবী জানান সি পি আই (এম)।
