জাতীয় ডেস্ক, দিল্লী, ২৬ মার্চ ৷। গোটা দেশে করোনা ভাইরাসের মধ্যে দেশের মানুষ সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সঙ্কট নিয়ে অনেকের মধ্যে প্যানিক তৈরি হয়েছে। অনেকে জায়গায় খুচরো দোকানদাররা বাজারে মাল কিনতে গেলে বাধা প্রাপ্ত হচ্ছেন বলে জানা যাচ্ছে। ফলস্বরূপ খাদ্য, সবজি, দুধ নিয়ে মানুষের মনে বড় প্যানিক তৈরি হয়েছে। অনেক বাজারের রাত অবধি সামনে লম্বা লাইন পর্যন্ত দেখা গেছে। মানুষ দাবি তুলেছে তাদের খাদ্য, সবজির ব্যাবস্থা করে দেওয়া হোক। দেশের এমন কঠিন সময়ে ভারত সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যার মধ্যে দেশের ৮০ কোটি নাগরিকের জন্য অন্ন যোজনা ঘোষণা করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি যুদ্ধকালীন পরিস্থিতির মতো মাঠে নেমে পড়েছে। এর মধ্যে ভারত সরকার দেশবাসীর উদ্যেশে যে ঘোষণা করেছে তা সকলের মুখে হাসি ফোটাবে।
১। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সমস্ত সুবিধা ভোগীদের তিনমাস বিনামূল্যে এলপিজি সরবরাহ করবে সরকার। এর ফলে উপকৃত হবেন দেশের ৮.৩ কোটি বিপিএল পরিবার।
২। ২০ কোটি ৪০ লক্ষ মহিলাকে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে যা ৩ মাস অবধি চলবে। জনধন একাউন্ট থাকা মহিলাদের খাতায় সরাসরি ৫০০ টাকা করে প্রতিমাসে পৌঁছে দেওয়া হবে। এর ফলে কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ৩১ হাজার কোটি টাকা।
৩। প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত কৃষক ভাইদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা পৌঁছে দেওয়ার ঘোষনা দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় তাদের আগামী ৩ মাসের জন্য ৫ কেজি করে চাল,গম,এবং ১ কেজি করে ডাল দেওয়া হবে।
৪। সবথেকে বড় ঘোষণা এই যে, প্রায় ৮০ কোটি ভারতীয় মাথাপিছু প্রতি মাসে বিনামূল্যে ৫ কিলো করে চাল পাবেন।
৫। এছাড়াও যে সব সংস্থার ১০০ এর থেকে কম কর্মী তাদের মালিক পক্ষ ও কর্মী উভয়কে সাহায্য করবে সরকার। এতে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক।
৬। তিন কোটি বরিষ্ঠ নাগরিকদের ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে, একই সাথে বিধবাদের জন্যেও ভাতা প্রদান করা হবে।
৭। যে সব কর্মীদের ১৫,০০০ টাকার কম বেতন তাদের পি এফ দেওয়ার সিধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
৮। একইসাথে স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও লোন নেওয়ার ক্ষেত্রেও বেশকিছু ছাড় ঘোষণা করা হয়েছে।
৯। আগামী ১ এপ্রিল থেকে দেশের এম জি এন রেগা শ্রমিকদের ২০ টাকা মজুরি বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতে ১৩.৬২ কোটি পরিবার উপকৃত হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫৬০০ কোটি টাকা।
১০। করোনা মোকাবিলার এই আপৎকালীন সময়ে দেশের ৩ কোটি গরীব প্রবীণ নাগরিক, গরীব বিধবা ও দিব্যাঙ্গদের সাহায্যে অতিরিক্ত ১০০০ টাকা ভাতা প্রদান করা হবে। এতে কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ৩ হাজার কোটি টাকা।
