আন্তর্জাতিক ডেস্ক ।। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ দেশটিতে অবস্থানরত সব ধর্মের নাগরিকদের রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, মুসলমানরাই ধর্মান্ধতার প্রধান শিকার।
বৃহস্পতিবার প্যারিসে আরব ওয়ার্ল্ড ইনিস্টিটিউটে ভাষণ দানকালে তিনি এ কথা বলেন। ওঁলাদ একই সঙ্গে প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় সহমর্মিতা প্রকাশের জন্য আরব বিশ্বকে ধন্যবাদ জানান।
গত বুধবার শার্লি এবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে সম্পাদক এবং চার কার্টুনিস্টসহ ১২ জনকে হত্যা করে জঙ্গিরা। মহানবীকে নিয়ে আপত্তিকর কার্টুন ছাপানোর দায়ে ওই হামলা চালানো হয়। এরপর বৃহস্পতিবার দক্ষিণ প্যারিসে অপর এক হামলায় এক নারী পুলিশ নিহত হন। পরদিন শুক্রবার শহরের একটি বিপনি কেন্দ্রে চার জিম্মিকে হত্যা করে জঙ্গি সন্ত্রাসীরা। গত তিন দিনের অব্যাহত সহিংসতায় সব মিলিয়ে ১৭ জন প্রাণ হারায়।
ওঁলাদ বলেন, সন্ত্রাসের মোকাবেলায় ফরাসিরা ঐক্যবদ্ধ আছে।
তিনি বলেন, ‘সব ফরাসিদের মতোই মুসলমানদের সমান অধিকার রয়েছে। তাদের রক্ষায় আমাদের বাধ্যবাধকতা রয়েছে।’
তিনি আরও বলেন, মুসলিমবিরোধী ও ইহুদীবিরোধী কর্মকান্ড নিন্দনীয় ও শাস্তিযোগ্য।
মৌলিক ইসলাম অসঙ্গতি, দারিদ্রতা, অসমতা ও দ্বন্দ্ব লালন করে আসছে দাবি করে ওঁলাদ বলেন, মুসলমানরাই প্রথম ধর্মাদন্ধতা, মৌলবাদ ও অসহনীয়তার শিকার।
