আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে “হর ঘর তিরঙ্গা” উদযাপন উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র মার্গ দর্শনে এবং গৃহমন্ত্রী অমিত শাহর প্রেরণায় ‘আজাদিকা অমৃত মহোৎসব’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে ভিত্তি করে যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, আমি মনে করি আপামর জনতার মধ্যে দেশাত্মবোধের ভাবনাকে উজ্জীবিত করতে এই কর্মসূচি হাতে নেওয়া সত্যিকার অর্থে সার্থক হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলিত হয় তার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে ৫ লক্ষ ২০ হাজার তিরঙ্গা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি দোকানগুলোতে তো পতাকা রয়েছেই। মুখ্যমন্ত্রী বলেন, সবার প্রতি আমার আবেদন থাকবে, আপনারা ঘরে ঘরে তিরঙ্গা উত্তোলন করে, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেবেন।
এদিন দেশ সেবায় শহীদ হওয়া রাজ্যের বীর সন্তানদের পরিবার বর্গকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শহিদ জওয়ানদের পরিবারের লোকজনদের হাতে শাল ও স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
