আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট ||শনিবার রাজধানীর জিবিপি হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে গিয়ে চিকিৎসাধীন কয়েকজন রোগী ও তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে চিকিৎসা পরিষেবা সম্পর্কে তাঁদের কাছ থেকে খোঁজ খবর নেন তিনি।
পাশাপাশি আমবাসায় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া রাজ্যের উদীয়মান ফুটবলার রাহুল হরিজন বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিন জিবি হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যাপারেও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। তিনি ঈশ্বরের কাছে তার দ্রুত সুস্থ হয়ে উঠার প্রার্থনা করেন।
এদিন হাসপাতাল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অন্তিম ব্যক্তির কাছে সকল সুবিধার পাশাপাশি উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার যে কর্মযজ্ঞ চালিয়েছেন, সেই দিশাতেই কাজ করছে রাজ্য সরকার। এই হাসপাতালে সাধারন রোগীদের স্বার্থে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করতে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানান মুখ্যমন্ত্রী।
