আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || আসন্ন শারদীয়া দূর্গোৎসব ২০২২ উপলক্ষে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে আয়োজিত এই মতবিনিময় সভায় আসন্ন শারদোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, প্রতিনিধি, আরক্ষা প্রশাসন, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, অগ্নিনির্বাপক দপ্তর, নগরোন্নয়ন দপ্তর, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা হয়। পাশাপাশি আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য ‘মায়ের গমন’ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য মতবিনিময় সভায় পক্ষে-বিপক্ষে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই মতবিনিময় সভায় আসন্ন শারদোৎসবকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যমন্ডিত করে তোলার জন্য বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা তাঁদের অতীতের অভিজ্ঞতা থেকে নিজেদের মূল্যবান বক্তব্য ও প্রস্তাব তোলে ধরেন।
আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা সরকারের মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, ত্রিপুরা পুলিশের ডি আই জি (আইন এবং শৃঙ্খলা) জি কে রাও, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্তমান, আগরতলা ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার, পশ্চিম জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
