আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || আগরতলায় শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪১’তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। বুধবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে মূখ্যমন্ত্রী রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান মানব জীবনের সবচেয়ে মহৎ দান। এই দানের কোন বিকল্প নেই। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে প্রত্যেকেই স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো নিবিড় হয়।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, এই মহানাম অঙ্গন আশ্রম সত্যিকার অর্থে মানুষের সেবায় নিয়োজিত। তিনি এই পবিত্র আশ্রমের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
