আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || মঙ্গলবার ৭৭’তম স্বাধীনতা দিবসে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। এদিন স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। সেখানে সকাল ৯টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী সেলামি প্যারেড পরিদর্শন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
সামগ্রিক বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যেতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সামনে রেখে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। তিনি বলেন, জনজাতি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ক্ষমতায়ন, কৃষি, শিল্প, পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে অগ্রগতি সুনিশ্চিত করে “উন্নত ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা” গড়তে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজ্য সরকার।
কর্তব্য পালনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, পদক এবং শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
