আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি || সোমবার ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গোর্খাবন্তিস্থিত অফিসে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে মিজোরামের বিশেষ পরিবেশবিদ ভ্যানলাল্লামজুয়ালা ভার্তেকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়।
জানা যায়, শ্রী ভার্তে ২০২৫ সালের ২৫শে জানুয়ারি থেকে ‘রাইড টু ফ্রি এয়ার’ শিরোনামে একটি “অল ইন্ডিয়া সাইকেল ট্যুর” শুরু করতে চলেছেন। এই ট্যুরের মূল উদ্দেশ্য হল মিশন লাইফের বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং স্বাস্থ্যকর জীবনধারা এবং উন্নত পরিবেশের জন্য সাইকেল ব্যবহারে তাদের উৎসাহিত করা।
এদিন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডঃ বিশু কর্মকার স্বাগত ভাষণে শ্রী ভার্তকে স্বচ্ছ পরিবেশের এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গির জন্য অভিনন্দন জানান। শ্রী কর্মকার উনার উদ্ভাবনী পদ্ধতির প্রশংসা করতে গিয়ে বলেন যে এই পদক্ষেপ জনসচেততনা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করবে।
এরপর শ্রী ভ্যানলাল্লামজুয়ালা ভার্তে তার পটভূমি এবং তার সফরের উদ্দেশ্য সম্পর্কে পর্ষদের কর্মকর্তাদের ব্যাখা করেন। তিনি তার যাত্রায় ত্রিপুরা রাজ্যে গাছের উচ্চ ঘনত্ব প্রত্যক্ষ করার জন্য ত্রিপুরার সমস্ত মানুষকে অভিনন্দন জানায়।
এদিন আগরতলা সাইক্লোহলিক ফাউন্ডেশনের মেয়র শ্রী গোপেশ দেবনাথও শ্রী ভার্তের পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন যে, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার এবং সাইকেলকে পরিবহনের মাধ্যম হিসাবে নয় বরঞ্চ টেকসই জীবনধারা অর্জনের জন্য একটি পদক্ষেপ হিসাবে দেখা উচিত।
এদিন অনুষ্ঠানটি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্বাহী প্রকৌশলী মানস মুখার্জির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়। সেখানে তিনি শ্রী ভাটকে তার আসন্ন প্রচেষ্টার জন্য শুভকামনা জানান। তিনি জাপানের উদাহরণ সামনে আনেন যেখানে ওখানকার নাগরিকরা কর্মক্ষেত্রে পৌঁছানোর জন্য সাইকেল ব্যবহার করেন যা কেবল স্বাস্থ্যকর নয় পরিবেশবান্ধবও।
