আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের সপ্তম সংস্করণে সোমবার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নয়া দিল্লীর প্রগতি ময়দানের ভারত মন্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে ভারতীয়রা ছাড়াও বিদেশে বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরাও যোগ দিয়েছিলেন। এই মতবিনিময় পর্বের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনুষ্ঠানস্থলে ছাত্রছাত্রীদের প্রদর্শিত প্রদর্শনীসমূহ পরিদর্শন করেন।
এদিন ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রী অদ্রিতা চক্রবর্তী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন। আগরতলার মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, মধ্যশিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা।
এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেসব বিষয়সমূহ সবার সামনে তুলে ধরেছেন সেগুলি আমাদের জীবনে চলার পথে মেনে চললে জীবনের পথ সুগম হবে।
