গোপাল সিং, খোয়াই, ৮ মে ।। খোয়াই শহরবাসীকে আনন্দ দিতে শহরের উপরই বহি:রাজ্য থেকে আগত আনন্দ মেলার অনুমতি দিয়ে বিপাকে পুলিশ প্রশাসন। খোয়াই পরিত্যাক্ত বিমান বন্দরে আসর জমেছে আনন্দ মেলার। কিন্তু এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে কিনা তাতেও সন্দেহ রয়েছে। একমাসের জন্য বসা মেলায় চুপিসারে বসছে জুয়ার আসর। চলছে অশালীন নৃত্য পরিবেশন। সংষ্কৃতির শহর খোয়াইতে কিভাবে এধরনের অপসংস্কৃতিমূলক বিষয়কে অনুমতি দিল পুলিশ প্রশাসন ও খোয়াই পৌর পরিষদ, তা নিয়েই খোয়াইবাসীর মধ্যে চলছে ব্যপক গুঞ্জন। তাছাড়া রাজ্য দূষন নিয়ন্ত্রন পরিষদের নিয়ম না মেনেই উচ্চস্বরে মাইক বাজছে মেলা চত্বরে। দীর্ঘ্য রাত অবধি বাজছে মাইক, চলছে হই হুল্লর। বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় বৃদ্ধ, অসুস্থ মানুষকে। বাদ যাচ্ছেনা শিশু থেকে বৃদ্ধ কেউই। খোয়াইতে যেখানে সুষ্ঠু সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে যুবক-যুবতীদের নাট্য চর্চা, নাট্য উৎসবে ব্যস্ত করা হচ্ছে সেখানে এই ধরনের মেলা কি যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করবে? প্রশ্ন জনমনে।
