সুব্রত দাস, গন্ডাছড়া, ১৭ আগস্ট || প্রশাসনিক পরিকাঠামোর অন্যান্য সকল ক্ষেত্রের সঙ্গে আধুনিকীকরণ হচ্ছে বিচার ব্যবস্থারও। শক্তিশালী হচ্ছে ই-কোর্ট ব্যবস্থা। আর এর সঙ্গে সম্পৃক্ত হল আইনজীবী ও এডভোকেট ক্লার্কদের কৌশল ও প্রযুক্তির আধুনিকীকরণ। এরই অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হয়ে গেল আইনজীবী ও সহায়কদের একদিনের ই সি টি অর্থাৎ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ট্রেনিং। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার নারায়নপুর টাউন হলে। শনিবার প্রদীপ জ্বলনের মধ্য দিয়ে ওই অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন অন্য অতিথিরা।
এদিন দুপুর দুটো থেকে শুরু হয় এই একদিনের ট্রেনিং। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ, বিচারপতি অরিন্দম লোধ, ধলাই জেলা আদালতের বিচারক গৌতম সরকার, এস ডি জে এম লাল দীক্ষিকা ডারলং এবং মহকুমার বিচারক প্রমুখ। এদিন কর্মশালায় বিচারপতির অরিন্দম লোধ ই-কোর্ট বা প্রযুক্তিগত ডিজিটাল কোর্টের বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা করেন। আলোচনা হয় কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স এর বিভিন্ন দিক নিয়ে। এর সঙ্গে উঠে আসে বিভিন্ন সমস্যা ও সমাধানের দিক। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে গোটা জেলার আইনজীবী ও ক্লার্করা উপস্থিত ছিলেন এদিনের কর্মশালায়।
