আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || আন্তর্জাতিক দাবা অঙ্গনে ত্রিপুরার তরুণ প্রতিভা আর্শিয়া দাস এক নতুন ইতিহাস রচনা করেছেন। সংযুক্ত আরব আমিরশাহীর আল-আইন-এ অনুষ্ঠিত এশিয়ান ইন্ডিভিজুয়াল উইমেন চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশ নিয়ে তিনি অর্জন করেছেন তাঁর প্রথম উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার (WIM) নর্ম এবং অতিক্রম করেছেন ২২০০ আন্তর্জাতিক রেটিং।
৯ রাউন্ডের টুর্নামেন্টে আর্শিয়া সংগ্রহ করেছেন ৫ পয়েন্ট, যার ফলে তাঁর আন্তর্জাতিক রেটিং ৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ৩৩টি দেশের প্রায় ১০০ জন প্রতিযোগীর মধ্যে তিনি ২৯তম স্থান অর্জন করেছেন, যা তাঁর প্রতিভা এবং দৃঢ় মানসিকতার পরিচয় বহন করে।
এই কৃতিত্ব তাঁর দাবা জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আর্শিয়ার এই সাফল্যে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর-পূর্ব ভারত গর্বিত। তরুণ প্রতিভাদের জন্য তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা, যাঁরা স্বপ্ন দেখেন আন্তর্জাতিক দাবা অঙ্গনে নিজেদের স্থান করে নেওয়ার।
আর্শিয়া বর্তমানে উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার খেতাবের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তাঁর এই কৃতিত্ব রাজ্যজুড়ে প্রশংসিত হচ্ছে, এবং সবাই আশা করছে সামনে আরও বড় সাফল্য তাঁর অপেক্ষায় রয়েছে।
