ধর্মনগরে গণনা কেন্দ্র ঘিরে ১০০ মিটারে কড়া বিধিনিষেধ, ৪ঠা মে সকাল ৬টা থেকে জারি BNSS ১৬৩ ধারা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || উত্তর ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ত্রিপুরা সরকারের নির্দেশে গণনা কেন্দ্রের চারপাশে ১০০ মিটার এলাকায় Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে।
জেলা শাসক ও কালেক্টর তথা জেলা নির্বাচন আধিকারিক জারি করা নির্দেশিকায় জানান, আগামী ৪ঠা মে (সোমবার) সকাল ৬টা থেকে ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গণনা অনুষ্ঠিত হবে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে।
নির্দেশিকা অনুযায়ী, গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি, কোনো ব্যক্তি অস্ত্র বা অস্ত্রসদৃশ বস্তু যেমন লাঠি, লোহার রড, বাঁশ বা পাথর বহন করতে পারবেন না। একই সঙ্গে, ওই এলাকায় কোনো সভা, মিছিল, জমায়েত বা লাউডস্পিকার ব্যবহারও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গণনা সম্পন্ন করার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গণনাকর্মী, পুলিশ ও আধাসামরিক বাহিনী, নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি এবং বৈধ পরিচয়পত্রধারীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
জেলা পুলিশ প্রশাসনকে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। নির্দেশ অমান্য করলে Bharatiya Nyaya Sanhita, 2023-এর ২২৩ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*