গোপাল সিং, খোয়াই, ১২ জুন || রাজ্যের সার্বিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে খোয়াই জেলায় নাগরিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ সূচনা হলো। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে এই প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে নির্মিত এই প্রকল্পগুলি জেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এদিন খোয়াইয়ের বাইজালবাড়ি স্কুল মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথমে ফিতে কেটে রাজ্যের ৮৯’তম পুলিশ স্টেশন এবং ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ৫০ শয্যাবিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করেন। পরে মূল মঞ্চ থেকে ভার্চুয়ালি আরও ছয়টি প্রকল্পের সূচনা করেন তিনি।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলি হলো:
স্বাস্থ্য পরিকাঠামো:
মুঙিয়াকামী ব্লক পাবলিক হেলথ ইউনিট (ব্যয়: ৬৪.০৪ লক্ষ টাকা)।
তেলিয়ামুড়া ব্লক পাবলিক হেলথ ইউনিট (ব্যয়: ৩৪.৩৮ লক্ষ টাকা)।
তুলাশিখর ব্লক পাবলিক হেলথ ইউনিট (ব্যয়: ৫৪.৮০ লক্ষ টাকা)।
শিক্ষা ও প্রশাসনিক ভবন:
খোয়াই জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার, ধলাবিল (ব্যয়: ২ কোটি টাকা)।
তেলিয়ামুড়া ব্লকের নতুন দ্বিতল ভবন (ব্যয়: ১.২৮৯ কোটি টাকা)।
মেথারাই রিয়াং বাড়ি উচ্চ মাধ্যমিক স্কুলের অতিরিক্ত শ্রেণিকক্ষ (ব্যয়: ১.১৮ কোটি টাকা)।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলির মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আরও উন্নত সরকারি পরিষেবা পাবেন।” একইসঙ্গে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রসঙ্গে তিনি অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে রাজ্য পুলিশের মহানির্দেশককে কঠোর নির্দেশ দেন।
এদিন মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বিরোধীদের সমালোচনার জবাবে কর্মসংস্থান সংক্রান্ত তথ্যও তুলে ধরেন। তিনি বলেন, “২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজ্যে বিভিন্ন দপ্তরে মোট ১৯ হাজার ২৬২ জনকে চাকরি দেওয়া হয়েছে।” এই তথ্য দিয়ে তিনি চাকরি ইস্যুতে বিরোধীদের সমালোচনার জবাব দেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি) অনুরাগ ধনকর, খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
