সংবাদ সংগ্রহের সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিক, খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ জুন || গত কিছুদিন আগে গন্ডাছড়া মহকুমার পাখি ত্রিপুরা পাড়ায় রেগার কাজকে কেন্দ্র করে আইপিএফটি এবং তিপ্রা মথার মধ্যে এক সংঘর্ষের পর সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন স্থানীয় সাংবাদিক সুব্রত দাস। এই ঘটনার পর রবিবার সন্ধ্যায় আক্রান্ত সাংবাদিক সুব্রত দাসের শারীরিক খোঁজখবর নিতে তাঁর বাড়িতে গেলেন রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা তিপ্রা মথার মহকুমা সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা।
জানা গেছে, গন্ডাছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় যখন সাংবাদিক সুব্রত দাস সংবাদের তথ্য সংগ্রহ করছিলেন, তখনই তিনি কিছু দুষ্কৃতীর হামলার শিকার হন। এই ঘটনায় তিনি গুরুতর আঘাত পান। সংবাদমাধ্যম কর্মীদের উপর এমন হামলা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে।
আক্রান্ত সাংবাদিক সুব্রত দাসের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তারই অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় তিপ্রা মথার মহকুমা সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা, সাংবাদিক সুব্রত দাসের বাড়িতে যান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি সুব্রত দাসের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। ধনঞ্জয় ত্রিপুরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন। সেই সাথে আক্রান্ত সাংবাদিক সুব্রত দাসের পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস (ইন্ডিয়ার) ত্রিপুরা সংগঠন, জার্নালিস্টস এসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।
এই ঘটনায় স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সংবাদমাধ্যম কর্মীদের নির্ভয়ে কাজ করার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি বলেই মনে করছেন সকলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*