গোপাল সিং, খোয়াই, ১৫ এপ্রিল || “সেবা, সুশাসন ও গরীব কল্যাণের ১১ বছর”—এই বার্তাকে সামনে রেখে দেশজুড়ে চলা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ খোয়াইতে আয়োজিত হলো ‘বিকশিত ভারত সংকল্প সভা’। ভারতীয় জনতা পার্টির ২৫ খোয়াই মণ্ডলের উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।
এদিন সকাল ১১টায় শুরু হওয়া এই সভায় মোদী সরকারের নেতৃত্বে ‘বিকশিত ভারত’ নির্মাণের সংকল্প এবং গত ১১ বছরের সাফল্যকে তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছরে দেশের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি পূর্বতন সিপিআই(এম) সরকারকে কটাক্ষ করে বলেন, “যারা নিজেদের গরীবের সরকার বলত, তাদের আমলে সামাজিক ভাতা ছিল মাত্র ৭০০ টাকা। কিন্তু আমাদের বিজেপি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে সেই ভাতা বাড়িয়ে ২০০০ টাকায় পৌঁছে দিয়েছে।”
তিনি আরও বলেন, মোদীজির নেতৃত্বে দেশ আজ এক নতুন দিশায় এগিয়ে চলেছে এবং এই উন্নয়নের ধারাকে জনগণের কাছে পৌঁছে দেওয়াই দলের লক্ষ্য।
এই সংকল্প সভায় প্রদেশ সভাপতির সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সম্পাদক রতন ঘোষ সহ জেলা ও মণ্ডলের অন্যান্য কার্যকর্তা ও নেতৃত্ববৃন্দ। মোদী সরকারের সাফল্যকে জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য ছিল বলে জানান আয়োজকরা।
শেষে তিনি খোয়াইয়ের প্রয়াত শিক্ষক মানিক দাসের শ্রাদ্ধানুষ্ঠানেও অংশগ্রহণ করেন এবং উনার পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সাধারন সম্পাদক সমীর দাস, মন্ডল সভাপতি অনুকুল দাস, ত্রিপুরা বক্সিং এসোসিয়েশনের রাজ্য সভাপতি অভিজিৎ দত্ত ভৌমিক, পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা ও খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় সহ অন্যান্য নেতৃত্বরা।
