আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল || ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই রক্তদান শিবিরটি আয়োজন করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি বলেন, “রাজ্যে প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী থাকা সত্ত্বেও সরকার তাদের নিয়োগ করছে না। এটা দুর্ভাগ্যজনক এবং জনগণের স্বার্থের পরিপন্থী।”
তিনি আরও অভিযোগ করেন, জিবি, আইজিএম সহ অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে সিনিয়র চিকিৎসকরা সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন না। নবীন চিকিৎসকদের দিয়ে হাসপাতাল চালানোর ফলে রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া সরকারি হাসপাতালে রোগীদের আরও বেশি পরিমাণে ওষুধপত্র সরবরাহের দাবিও তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, “হাসপাতাল থেকে রোগীদের যে ওষুধপত্র দেওয়া হয় তা পর্যাপ্ত নয়, ফলে রোগীদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, যা গরিব মানুষের পক্ষে কষ্টসাধ্য।”
রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের তিনি শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এই কর্মসূচির মাধ্যমে ত্রিপুরা অটো রিকশা ওয়ার্কার্স ইউনিয়ন একদিকে যেমন মানবিক দায়িত্ব পালন করেছে, অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্রও তুলে ধরেছে।
