আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল || ত্রিপুরার ছেলে অরিত্র রায় এক অভূতপূর্ব কৃতিত্ব অর্জন করে গোটা রাজ্যের গর্ব হয়ে উঠেছেন। গত ১৯শে মে, ২০২৫, সোমবার সকালে ৭টা ৩১ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন তিনি। এই অসাধারণ সাফল্যে রাজ্যের মানুষ গর্বিত ও আনন্দিত।
এই ঐতিহাসিক কৃতিত্বকে সম্মান জানাতে রবিবার অরিত্র রায়কে সংবর্ধনা জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অরিত্র রায়ের মাউন্ট এভারেস্ট জয়ের কাহিনি শুনে মুগ্ধ হন এবং তাঁর এই সাহসী অভিযানের জন্য শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, অরিত্র রায় শুধু ত্রিপুরার নয়, সমগ্র দেশের গর্ব।
সংবর্ধনা অনুষ্ঠানে অরিত্র রায় জানান, এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর দীর্ঘ প্রস্তুতি, অধ্যবসায় এবং পরিবার ও বন্ধুদের অকুণ্ঠ সমর্থন। তিনি ত্রিপুরার তরুণ সমাজকে বড় স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করেন।
ত্রিপুরা যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, অরিত্রর এই কৃতিত্ব ভবিষ্যতের প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হয়ে থাকবে।
