গোপাল সিং, খোয়াই, ১৭ জুন || গত চার দিন ধরে নিখোঁজ এক যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় খোয়াইতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় খোয়াইয়ের বৃন্দাবনঘাটস্থিত এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে জ্যাকসন দেববর্মা (২৪) নামে এই যুবকের দেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, জ্যাকসনকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। পরে রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, মৃত জ্যাকসন দেববর্মার বাড়ি তুলাশিখর ব্লকের অন্তর্গত পশ্চিম রাজনগর এলাকায়। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
