গোপাল সিং, খোয়াই, ২৩ জুন || কিশোরীদের প্রতিভা বিকাশ এবং ক্ষমতায়নের লক্ষ্যে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার খোয়াই নতুন টাউন হলে শুরু হলো দুই দিনব্যাপী ‘কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬’। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার কিশোরীদের সার্বিক বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও মঞ্চ আলোকিত করেন বিধায়ক পিনাকী দাসচৌধুরী, খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা এবং জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
উপস্থিত অতিথিরা তাঁদের ভাষণে কিশোরীদের সার্বিক বিকাশে শিক্ষা দপ্তরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা অভিমত ব্যক্ত করেন যে, ভবিষ্যতে নারীশক্তির উজ্জ্বল সম্ভাবনাকে বাস্তবায়িত করতে এই ধরনের মঞ্চ এক অনুকরণীয় পদক্ষেপ। এই উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
