আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || শুক্রবার পবিত্র রথযাত্রা। সারা দেশের মতো রাজ্যের রাজধানী আগরতলাতেও রথযাত্রা উপলক্ষে উৎসবের আবহ বিরাজ করছে। এদিন আগরতলা ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে প্রথাগত আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মায়ের শুভ রথযাত্রার সূচনা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভক্তদের উপস্থিতিতে মঙ্গলঘণ্টা, কীর্তন ও ধূপ ধুনো আরতির মধ্য দিয়ে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজন। অনুষ্ঠানে উপস্থিত থেকে মাঙ্গলিক পূজায় অংশগ্রহণ করেন এবং রথের রশি টেনে শ্রীশ্রী জগন্নাথ দেবের কাছে সকলের মঙ্গল কামনা করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য, রাজ্যের খাদ্য, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি-মেয়র মনিকা দাস দত্ত এবং টিআইডিসির চেয়ারম্যান নবাদল বনিক।
এছাড়াও ইসকনের পূজনীয় মহারাজগণ ও অন্যান্য সন্ন্যাসীরা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানের নেতৃত্ব দেন। ধর্মীয় এই উৎসবের মাধ্যমে সকলে প্রার্থনা করেন—রথের রশি ধরে যেন পার হয়ে যায় জগতের সমস্ত গ্লানি ও দুঃখ, এবং জগন্নাথ দেব যেন সকলকে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।
শেষে সকলে এক কণ্ঠে উচ্চারণ করেন—
“নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে।
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।।”
