আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || ত্রিপুরার প্রতিযোগিতামূলক কোচিং সেন্টার রামানুজান’স ইনস্টিটিউট ফর কম্পেটিটিভ এক্সামস রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছে যে, তারা টেট-১ ও টেট-২ পরীক্ষার প্রার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং ক্লাস শুরু করতে চলেছে। আগামী ৫ই জুলাই, ২০২৫ থেকে এই ক্লাস চালু হবে বলে জানানো হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই উদ্যোগে অংশগ্রহণ করবেন অভিজ্ঞ প্রাক্তন প্রফেসর ও সময়বিশেষে স্কুল-কলেজের শিক্ষকগণ। তারা স্বেচ্ছাসেবী হিসেবে সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগে শামিল হচ্ছেন। অনুষ্ঠানটি শুরু হবে ইউটিউব চ্যানেলে অনলাইনে সম্প্রচারের মাধ্যমে। এতে রাজ্যের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও সহজেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে।
এই কোর্সে প্রতিটি বিষয়ের উপর দক্ষ প্রশিক্ষকগণ পাঠদান করবেন এবং টেটের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী ক্লাস নেওয়া হবে। এতে থাকবে প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল, কুইজ, এবং সম্পূর্ণ ফ্রি অনলাইন কোর্স প্ল্যাটফর্ম।
সংস্থার চিফ একাডেমিক কো-অর্ডিনেটর ডঃ ত্রিলোচন পাল বলেন, “ত্রিপুরার ভবিষ্যৎ শিক্ষক হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই কোর্স একটি বড় দিশা দেখাবে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য এটি একটি কার্যকর উদ্যোগ।”
ইতোমধ্যে অনেক টেট-১ ও টেট-২ পরীক্ষার্থী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন এবং ৫ই জুলাই থেকে ক্লাস শুরুর অপেক্ষায় রয়েছেন। অংশগ্রহণকারীরা ইউটিউব চ্যানেল Ramanujan’s Institute 981–এ গিয়ে সরাসরি যুক্ত হতে পারবেন।
ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে ডিজিটাল লার্নিং এবং পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
