আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || বিশালগড় জেল হেফাজতে থাকা আসামি কোলাস রায়ের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রবিবার রাজধানীর এনসিসি থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেন আগরতলার গোয়ালা বস্তি এলাকার বহু স্থানীয় বাসিন্দা। তারা থানার সামনে জড়ো হয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ যেভাবে কোলাস রায়কে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, এখন তাকে সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার পরিবর্তে মৃত্যুর খবর দেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যায় না। তাঁরা দাবি করেন, কোলাস রায়ের মৃত্যুর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোলাস রায়কে কিছুদিন আগে এক মামলায় গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। পরে তাঁকে বিশালগড় কেন্দ্রীয় জেলে পাঠানো হয়। সেখানেই শুক্রবার রাতে তাঁর মৃত্যু ঘটে বলে জানা যায়। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিন থানার সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। থানার ওসি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও পুরো ঘটনাটির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও পুলিশের হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন যদি দ্রুত ও স্বচ্ছ তদন্ত না করে, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
