আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || রাজধানীর মাস্টারপাড়া এলাকায় জন্ডিস সংক্রান্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার স্বাস্থ্য আধিকারিকরা ও আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী সেন।
পরিদর্শনের সময় জেলাশাসক এলাকার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে এলাকার বাড়ি বাড়ি গিয়ে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে জেলাশাসক বলেন, এলাকার সরকারি পানীয় জলের সরবরাহে ব্যবহৃত ডি ডাব্লিউ এস-এর পুরনো ও ক্ষতিগ্রস্ত পাইপলাইনগুলিকে অবিলম্বে প্রতিস্থাপন করতে হবে, যাতে দূষিত জল সরবরাহ বন্ধ করা যায়।
প্রশাসনের এই পদক্ষেপে মাস্টারপাড়া এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বাস্থ্য সুরক্ষায় এধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
