তপোবন আশ্রম পরিদর্শনে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, পরিবেশ উন্নয়নে নারিকেল চারা প্রদানের আশ্বাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || রবিবার বিকেলে হঠাৎ করেই সূর্যমণি নগরে অবস্থিত তপোবন আশ্রম পরিদর্শনে যান ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। আশ্রমের পরিবেশ, গঠন ও বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখার পর তিনি আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
আশ্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, আশ্রমের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির জন্য আশ্রম প্রাঙ্গণে নারিকেল চারা প্রদান করা হবে। তিনি বলেন, “তপোবন মানেই প্রকৃতির কোলে গড়ে ওঠা এক আধ্যাত্মিক পরিবেশ। গাছগাছালির মাঝে এমন আশ্রম গড়ে উঠলে তা যুবসমাজের মানসিক গঠনে সহায়ক হবে।”
আশ্রম কর্তৃপক্ষ মন্ত্রীকে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার স্বপ্ন ‘নেশামুক্ত ত্রিপুরা’ গঠনের কাজে তপোবনসহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলিকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। তারা বলেন, “নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংসের মুখে। শুধু প্রশাসন নয়, অভিভাবকদেরও সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবার থেকেই শুরু করতে হবে এই লড়াই।”
পরিদর্শনকালে আশ্রম কর্তৃপক্ষ আশ্রমের বর্তমান অবস্থা, কর্মসূচি এবং উন্নয়নের প্রয়োজনীয়তার কথা মন্ত্রীকে অবহিত করেন। জবাবে মন্ত্রী আশ্বাস দেন, আশ্রমের সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম সহায়তা প্রদান করা হবে।
স্থানীয় মহলে মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও আশ্বাস ইতিবাচক বার্তা হিসেবে গৃহীত হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*