গোপাল সিং, খোয়াই, ২৯ জুন || খোয়াই জহর নবোদয় বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া নবম শ্রেণীর ছাত্র আয়ুস দত্তের অবশেষে খোঁজ পাওয়া গেল। শনিবার সন্ধ্যায় স্কুলের দেওয়াল টপকে পালিয়ে গিয়েছিল সে। উদ্ধারের পর র্যাগিং-এর যে চাঞ্চল্যকর অভিযোগ সে তুলেছে, তা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আয়ুস জানায়, সিনিয়র ছাত্ররা তাকে এবং অন্যদের দিয়ে জোর করে প্রচুর কাজ করাতো। সেই কাজ করতে অস্বীকার করলেই শুরু হতো অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন বা র্যাগিং। এই অত্যাচারের ভয়েই সে স্কুল থেকে পালাতে বাধ্য হয়েছিল বলে দাবি করে। আয়ুসের বাড়ি খোয়াইয়ের জব্বর টিলা এলাকায়।
এই ঘটনায় নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এমন ঘটনা চললেও স্কুল কর্তৃপক্ষ কেন কোনও পদক্ষেপ নেয়নি, সেই বিষয়টি এখন খতিয়ে দেখছে খোয়াই থানার পুলিশ। র্যাগিং-এর অভিযোগ সত্যি প্রমাণিত হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হতে পারে বলে মনে করছেন জনসাধারণ।
এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।
