গোপাল সিং, খোয়াই, ৩০ জুন || ১৯৭৫ সালে দেশে জারি হওয়া জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে স্মরণ করে সোমবার খোয়াইতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ কর্মসূচি পালিত হয়। গণতন্ত্রের সেই কালো অধ্যায়কে স্মরণ করতে এবং সংবিধানের মহিমাকে তুলে ধরতে একটি বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন সকালে খোয়াই সুভাষ পার্ক থেকে নতুন টাউন হল পর্যন্ত একটি র্যালী অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রী, বিধায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে খোয়াই নতুন টাউন হলে আয়োজিত হয় মূল আলোচনা সভা। খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ এবং জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।
বক্তারা তাঁদের ভাষণে গণতন্ত্রের উপর জরুরি অবস্থার আঘাত এবং সংবিধানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা এই দিনের তাৎপর্যকে স্মরণ করে গণতান্ত্রিক মূল্যবোধকে রক্ষা করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, আশা কর্মী, সরকারি কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা গণতান্ত্রিক সচেতনতা ও ঐক্যের এক শক্তিশালী বার্তা দেয়।
