গোপাল সিং, খোয়াই, ০৬ জুলাই || সরকারি কাজের টেন্ডার পাওয়াই যেন কাল হলো! খোয়াইয়ে এক ঠিকাদারকে কাজ শুরু করার আগেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুই স্থানীয় যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, কাজ করতে হলে তিন লক্ষ টাকা ‘তোলা’ দিতে হবে বলেও শাসানো হয়। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ঠিকাদার ও তাঁর পরিবার।
ঘটনার সূত্রপাত খোয়াই পূর্ত দপ্তরের একটি রাস্তার টেন্ডারকে কেন্দ্র করে। খোয়াই টিকে রোড থেকে সোনাতলা আইটিআই কলেজ পর্যন্ত রাস্তা তৈরির বরাত পান কঙ্কন ভৌমিক। অভিযোগ, গতকাল রাত ৮টা নাগাদ দুই দুস্কৃতিকারীর নেতৃত্বে একদল যুবক তাঁর বাড়িতে চড়াও হয়। সেই সময় কঙ্কনবাবু বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।
এই ঘটনার পরই আজ দুপুরে কঙ্কন ভৌমিক খোয়াই থানায় দুই মুল অভিযুক্তের নাম-ধাম জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদমাধ্যমের সামনে আতঙ্কিত কঙ্কন বাবু বলেন, “আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, তিনি যেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন।”
এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ের ঠিকাদার মহল এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
