সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুলাই || তেলিয়ামুড়া থানার পুলিশ ফের একবার গাঁজা পাচারচক্রের বড়সড় ছক ভেঙে দিল। শুক্রবার থানার সামনে চলাকালীন রুটিন ভেহিকেল চেকিং অভিযানে হাতে নাতে ধরা পড়ল গাঁজা পাচারের ঘটনায় জড়িত বাহির রাজ্যের তিন মহিলা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ কেজিরও বেশি শুকনো গাঁজা, যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে তেলিয়ামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা জানান, আগরতলা থেকে আমবাসা গামী একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়িকে সন্দেহবশত থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির তিনজন মহিলা যাত্রীর আচরণে অসঙ্গতি লক্ষ্য করে তাঁদের থানায় নিয়ে আসা হয়। সমস্ত নিয়ম মেনে মহিলা পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালালে, ধৃত মহিলাদের পরিধানের নিচে লুকানো অবস্থায় গাঁজার প্যাকেট উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন মহিলার বাড়ি বাহির রাজ্যে। তাঁদের বিরুদ্ধে NDPS Act অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে একটি বৃহৎ আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্র জড়িত থাকতে পারে।
তেলিয়ামুড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার পেছনের মূলচক্র শনাক্ত করতে তদন্ত জোরদার করেছে।
