আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || রাজ্যে বিদ্যুৎ মাসুল, গ্যাসের দাম, জল কর এবং স্মার্ট ও প্রি-পেইড মিটার বসানো সহ একাধিক আর্থিক সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপানোর প্রতিবাদে শনিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনিতে এক প্রতিবাদ সভার আয়োজন করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (CPI)।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার ধারাবাহিকভাবে জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। বিদ্যুৎ মাসুল বৃদ্ধি, গ্যাস ও জল কর বাড়ানো এবং স্মার্ট ও প্রি-পেইড মিটার বসানোর মতো পদক্ষেপের ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এটি আর্থিক সন্ত্রাস ছাড়া কিছু নয়।” তিনি আরও বলেন, রাজ্যবাসীকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সভায় AITUC নেতা ধনমনি সিনহা বলেন, “বিদ্যুৎ মিটারের নামে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ভয়াবহ আর্থিক বোঝা। বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ভূমিকার জন্য তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।” তিনি বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে জনগণকে লাগাতার হয়রানি করার অভিযোগও তোলেন।
সভায় আরও বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিক্রমজিৎ সেনগুপ্ত। তিনি বলেন, “রাজ্য সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পরিষেবায় মূল্যবৃদ্ধি করে চলেছে, অথচ জনগণের মতামতের তোয়াক্কা করছে না। স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া সম্পূর্ণভাবে জনস্বার্থবিরোধী।” তিনি দলমত নির্বিশেষে সকল নাগরিককে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআই নেত্রী সুস্মিতা নন্দী। উপস্থিত ছিলেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক সুব্রত দেবনাথ, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অহীদ মিঞা, সিপিআই নেতা অরুন সেনগুপ্ত, জাতীয় মহিলা ফেডারেশনের নেত্রী তুলসী দাস কপালি, জয়া বিশ্বাস সহ অসংখ্য কর্মী-সমর্থক।
সিপিআই-র নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ সভা রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের অসন্তোষের স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
