বাবা পুলিশ অফিসার, ছেলে মাস্তান!” — বিলোনিয়ায় তাণ্ডব, আহত একাধিক যুবক

আপডেট প্রতিনিধি, বিলোনিয়া, ১৯ জুলাই || ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বিলোনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) স্বপন সেনের দুই ছেলে সম্প্রতি এলাকায় তাণ্ডব চালিয়ে একাধিক যুবককে মারধর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই দুই যুবক। এরপর তারা কিছু বন্ধু-বান্ধবকে নিয়ে দলবদ্ধভাবে একাধিক যুবকের উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়।
এদিকে অভিযোগ আরও গুরুতর হচ্ছে এই কারণে যে, অভিযুক্তদের বাবা নিজে একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের তরফে।
বিষয়টি নিয়ে বিলোনিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, যখন একজন পুলিশ অফিসারের সন্তানরাই আইনের তোয়াক্কা না করে এমন তাণ্ডব চালাতে পারে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এই ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশের উচ্চমহলে চাপ বাড়ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*