আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || শ্রাবণ মাস মানেই ভক্তিভাব, পুণ্যস্নান আর শিবের আরাধনা। আর সেই শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগরতলা শহরের বিভিন্ন শিব মন্দিরে দেখা গেলো উপচে পড়া ভক্তের ঢল। ভোরবেলা থেকেই শিবভক্তরা দল বেঁধে হাজির হন শহরের ভট্টেশ্বর, কালী মন্দির সংলগ্ন শিব মন্দির, লিচুবাগান শিব মন্দিরসহ বিভিন্ন পূজাস্থলে।
শ্রাবণ মাস শিবের জন্মকাল হিসেবে বিবেচিত হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোমবার দিনটি শিবের প্রিয় দিন হওয়ায়, আজকের দিনটি ভক্তদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনেকেই উপবাস থেকে শুরু করে জল, দুধ, বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য প্রদান করেন।
ভক্তদের মুখে একটাই প্রার্থনা—পরিবার, সমাজ, রাজ্য এবং সমগ্র দেশের মঙ্গল হোক, সুখ-শান্তি বজায় থাকুক। শিবের কৃপায় সকলের জীবন হোক কল্যাণময়—এই প্রার্থনা নিয়েই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবমন্দিরে চলেছে পুজো-অর্চনা।
মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা। পাশাপাশি স্থানীয় প্রশাসনও জনসমাগম সামলাতে সক্রিয় ছিল। করোনা পরবর্তী সময়ে এমন উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শহরজুড়ে এক পবিত্র আবহ তৈরি করেছে।
