খোয়াইয়ে রাজ্যস্তরের অনূর্ধ্ব-১৭ খো খো প্রতিযোগিতার শুভসূচনা

গোপাল সিং, খোয়াই, ০৩ সেপ্টেম্বর || খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে শুরু হলো রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৭ বিভাগীয় খো খো প্রতিযোগিতা। খোয়াই জেলা স্কুল স্পোর্টস বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসব চলবে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন খোয়াই জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর বিপ্লব দত্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস এবং আহ্বায়ক ছিলেন জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল।
উদ্বোধন পর্বে অতিথিরা জল সিঞ্চন করেন। একইসঙ্গে আট জেলার প্রতিনিধিরা নিজ নিজ জেলার পতাকা উত্তোলন করেন। সাদা পায়রা ও গ্যাস বেলুন উড়িয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন অতিথিবৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই কালচারাল সেলের শিল্পীরা
এরপর স্বাগত বক্তব্য রাখেন কমলেন্দু শীল। ক্রমান্বয়ে বক্তব্য দেন অপু রায়, রজত পন্থ, বিনয় দেব্বর্মা ও অনুকূল দাস। খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান জাতীয় স্তরের খো খো খেলোয়াড় রাজবীর দেব। সাংস্কৃতিক পর্বে ছিল মধুনিক্কন ডান্স একাডেমির সমবেত নৃত্য, যন্ত্রসঙ্গীত ও ঢাকের তালে দুর্গা আগমনী আবহ। এদিনকার অনুষ্ঠান পরিচালনা করেন সৌর প্রতিম শর্ম্মা।
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৮ জেলার ছেলে ও মেয়েদের ১৬টি দল অংশ নিচ্ছে। এখান থেকে রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় স্তরের খো খো প্রতিযোগিতায় খেলোয়াড় বাছাই করা হবে। সমাপনী দিনে ৪টি দলকে চ্যাম্পিয়ন ও রানারআপ হিসেবে পুরস্কৃত করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*