অবহেলায় ডুবেছে খোয়াইয়ের নৃপেন চক্রবর্তী এভিনিউ, আলো-সাজ ফেরানোর দাবি স্থানীয়দের

গোপাল সিং, খোয়াই, ০৮ সেপ্টেম্বর || প্রতিশ্রুতিবদ্ধ স্বচ্ছ শহর খোয়াই। সংস্কৃতির শহর খোয়াই। জেলার অন্যতম ব্যস্ত শহর খোয়াই। কিন্তু জেলা-সদর খোয়াইয়ের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক ও জেলা হাসপাতাল চৌমুহনী এলাকায় কয়েক বছর ধরেই চলছে অন্ধকার আর অবহেলার চিত্র। একসময় নৃপেন চক্রবর্তী এভিনিউ খোয়াই শহরের অন্যতম আকর্ষণ ছিল। চৌমুহনীজুড়ে নৃপেন চক্রবর্তীর আবক্ষ মূর্তি, জলের ফোয়ারা, রঙিন আলোর বাহার এবং লাইট মিউজিকের সুব্যবস্থা ছিল। কিন্তু গত ৫-৭ বছর ধরে সবই হারিয়ে গেছে অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন রক্ষণাবেক্ষণের অভাবে ফোয়ারা বন্ধ হয়ে গেছে, লাইট আর জ্বলছে না, পুরো এভিনিউ অন্ধকারে ডুবে আছে। অথচ এই চৌমুহনী দিয়েই বিভিন্ন মহকুমা ও জেলা থেকে আগরতলা যাতায়াতের মূল পথ। ফলে যাত্রী ও স্থানীয়দের চোখে বারবার ধরা পড়ে শহরের এই অবহেলিত চিত্র।
খোয়াইবাসীর অভিমত—“খোয়াই জেলা হাসপাতাল চৌমুহনী শহরের ব্যস্ততম অংশ। এখানেই প্রাণকেন্দ্রিক এভিনিউ। তাই খোয়াই পুরপরিষদ যেন দ্রুত ব্যবস্থা নিয়ে পুনরায় আলো, ফোয়ারা, সাউন্ড সিস্টেম ও সৌন্দর্যায়নের মাধ্যমে এই এভিনিউকে জাঁকজমকপূর্ণ করে তোলে।” তাছাড়া শহরবাসীর প্রশ্ন—“যখন খোয়াই পুরপরিষদকে জাতীয় স্তরে পুরস্কৃত করা হচ্ছে, তখন শহরের প্রাণকেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউ কেন অবহেলায় ভুগবে?” শহরের নাগরিকদের আশা, পুরপরিষদ দ্রুত ব্যবস্থা নিয়ে এই এভিনিউকে নতুন রূপে সাজিয়ে তুলবে। বাস্তবে স্বচ্ছ ও সুন্দর শহর হিসেবে খোয়াইয়ের পরিচিতি গড়ে তুলতে হলে এমন কেন্দ্রীয় জায়গাগুলোর পুনরুজ্জীবন জরুরি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*