গোপাল সিং, খোয়াই, ১২ সেপ্টেম্বর || খোয়াই থানার নাকের ডগায়, শহরের বনেদী স্কুলে চোরের হানা। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে রাতের আঁধারে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যপক চাঞ্চল্য। চুরির কবল থেকে রেহাই পেল না সিসিটিভির বক্স পর্যন্ত। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খোয়াইতে।
শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা স্কুলে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন। এক শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন—চোরের দল প্রায় ৯ থেকে ১০টি কক্ষের তালা ভেঙে অন্তত ২৫ থেকে ২৭টি আলমিরা ভাঙচুর করেছে। দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা সংঘটিত হয়।
বিদ্যালয়ে নাইটগার্ডের অনুপস্থিতিতে নিরাপত্তার ঘাটতিকে বড় কারণ বলে মনে করছেন অনেকেই। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, চোরেরা স্কুলের সিসিটিভি বক্স পর্যন্ত খুলে নিয়ে গেছে। স্থানীয়দের মতে, খোয়াই থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি বিদ্যালয়ে এমন ঘটনা নজিরবিহীন। ইতিমধ্যে খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় শিক্ষাজগৎ ও অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে—খোয়াই শহরের নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত?
