গন্ডাছড়ায় কোটি টাকার সব্জি মার্কেট খালি পড়ে, মূল সড়ক দখলে কৃষক-জুমিয়ারা

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ সেপ্টেম্বর || গন্ডাছড়া মহকুমা সদর বাজারের দক্ষিণ প্রান্তে পাঁচ কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সব্জি মার্কেট এখন প্রায় খালি পড়ে রয়েছে। অথচ বাজারের মূল সড়কের দুই পাশে অবৈধভাবে বসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষক ও জুমিয়ারা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীরা।
জানা গেছে, বহু বছর ধরেই নির্দিষ্ট স্থান বা শেডঘরের অভাবে কৃষক ও জুমিয়ারা গন্ডাছড়ার মধ্য বাজারের মূল সড়ক দখল করে উৎপাদিত ফসল বিক্রি করছিলেন। এতে স্থানীয় দোকানপাটের প্রবেশপথ বাধাগ্রস্ত হওয়ায় ক্ষতির মুখে পড়তে হতো ব্যবসায়ীদের। এই সমস্যার সমাধানে কৃষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কৃষি দপ্তরের উদ্যোগে কোটি কোটি টাকা খরচে আধুনিক সব্জি মার্কেট তৈরি করা হয়। কয়েক মাস আগে কৃষি মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনও করেন।
প্রথমদিকে কৃষক ও জুমিয়ারা সেখানে বসে ব্যবসা শুরু করলেও মাত্র ১৫-২০ দিনের মধ্যেই তারা আবারও মধ্য বাজারের মূল সড়কে ফিরে আসেন। বর্তমানে ওই সব্জি মার্কেটে মাত্র ছয়টি দোকান চালু রয়েছে। ক্রেতারা সড়কে ভিড় জমানো কৃষকদের কাছ থেকেই পণ্য কিনে থাকায় মার্কেটটি কার্যত অচল হয়ে পড়েছে। এতে ওই ছয়টি দোকানদারও ব্যবসায় ধসের মুখে পড়েছেন।
অন্যদিকে সড়কের দুইপাশে এই দখলদারির ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, সামনে বিশ্বকর্মা পূজা ও দুর্গাপূজায় বাজার এলাকায় ব্যাপক ভিড় হবে। যদি মহকুমা প্রশাসন কড়া পদক্ষেপ না নেয় তবে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাদের দাবি, অবিলম্বে সব কৃষক ও জুমিয়াদের নতুন নির্মিত সব্জি মার্কেটে ফিরিয়ে এনে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে দেওয়া হোক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*