বিশ্বকর্মা পূজা উপলক্ষে অর্ধনারীদের বস্ত্র বিতরণ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর || বিশ্বকর্মা পূজা উপলক্ষে শান্তিরবাজারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অর্ধনারীরা। পূজার দিনে তাঁরা এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
প্রতিবছরের মতোই শান্তিরবাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় ভারতীয় মজদূর সংঘ অনুমোদিত সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। ধর্মীয় রীতি-নীতি মেনে পূজা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ বছর এই পূজার বিশেষ আকর্ষণ ছিল অর্ধনারীদের যোগদান।
অর্ধনারীরা তাঁদের মানবিকতা ও উদার মানসিকতার পরিচয় দিয়ে পূজার মঞ্চ থেকে গরীব মানুষের হাতে বস্ত্র তুলে দেন। শান্তির বাজারবাসীর কাছে এ দৃশ্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। পূজার দিন রাতে এ কর্মসূচী দেখে উপস্থিত সাধারণ মানুষ অর্ধনারীদের ধন্যবাদ জানান।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এক অর্ধনারী জানান, “আমরা চাই আগামীদিনেও সমাজের স্বার্থে এই ধরনের কর্মসূচী গ্রহণ করতে। মানুষকে সাহায্য করার মধ্য দিয়েই পূজার আসল তাৎপর্য পূর্ণতা পায়।”
শান্তিরবাজারে বিশ্বকর্মা পূজার সঙ্গে অর্ধনারীদের সামাজিক উদ্যোগ মিলিয়ে এ বছর পূজা পেয়েছে ভিন্নমাত্রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*